মুক্তি পেয়ে কোম্পানির কাজে যোগ দিয়েছেন প্রিন্স আলওয়ালিদ

সৌদি আরবের ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আটক অবস্থা থেকে মুক্তি পেয়ে নিজের কোম্পানির কার্যালয়ে কাজে যোগ দিয়েছেন। বৈশ্বিক বিনিয়োগ কোম্পানি কিংডম হোল্ডিংয়ের চেয়ারম্যান দেশটির দুর্নীতিবিরোধী অভিযানের সময় আটক হয়েছিলেন। বৃহস্পতিবার তিনি কাজে যোগ দেন বলে জানিয়েছে কিংডম হোল্ডিং।

কিংডম হোল্ডিং কার্যালয়ে প্রিন্স আলওয়ালিদ

সৌদি আরবের শীর্ষ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একজন প্রিন্স আলওয়ালিদ। প্রায় তিন মাস আটক থাকার পর শনিবার তিনি মুক্তি পান।

সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নেতৃত্বে পরিচালিত দুর্নীতিবিরোধী অভিযানে প্রিন্স আলওয়ালিদসহ বেশ কয়েকজন প্রিন্স, সাবেক ও বর্তমান মন্ত্রী এবং কর্মকর্তাদের আটক করা হয়েছিল। তাদের মুক্তির বিনিময়ের আর্থিক সমঝোতায় দেশটির কোষাগারে প্রায় ১০ হাজার ৬০০ কোটি ডলার জমা পড়ে।

আটক হওয়ার কয়েকদিনের মাথায় কিংডম হোল্ডিংয়ের শেয়ারের মূল্য ২৩ শতাংশ কমে যায়। এতে করে প্রায় ২২০ কোটি ডলার ক্ষতির মুখে পড়েন প্রিন্স আলওয়ালিদ। তবে তিনি মুক্তি পাওয়ার পর আবারও শেয়ারের দাম বাড়তে শুরু করে। এ পর্যন্ত মূল্যবৃদ্ধির হার ১০ শতাংশ।

বৃহস্পতিবার কোম্পানির পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় তিনি কিছু নথিপত্র দেখছেন। সূত্র: রয়টার্স।