জেরুজালেমে দূতাবাস উদ্বোধন: ইসরায়েলের অভ্যর্থনা প্রত্যাখ্যান ইইউ রাষ্ট্রদূতদের

জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন উপলক্ষে ইসরায়েলের আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠান বর্জন করছেন বেশির ভাগ ইউরোপীয় ইউনিয়নভূক্ত (ইইউ) দেশের রাষ্ট্রদূতরা। যোগ দিচ্ছেন না রাশিয়া, মিসর ও মেক্সিকোর রাষ্ট্রদূতেরাও। সোমবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে দূতাবাস উদ্বোধন হলেও রবিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন অনুষ্ঠান শুরু হবে। এসব আয়োজনের একটি হচ্ছে এই অভ্যর্থনা অনুষ্ঠান। এতে যোগ দিতে রবিবার (১৩ মে) মার্কিন প্রতিনিধি দল ইসরায়েলে পৌঁছাবে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এখবর জানিয়েছে।

Capture

২০১৭ সালের ৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। ট্রাম্পের ওই বিতর্কিত ঘোষণার পরপরই বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসেন মুক্তিকামী ফিলিস্তিনিরা। এ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট হলে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যানের প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি দেশ। বিপরীতে ট্রাম্পের প্রস্তাবের পক্ষে ভোট দেয় মাত্র ৯টি দেশ।

ইসরায়েলি পররাষ্ট্র দফতর আয়োজিত রবিবারের অভ্যর্থনা অনুষ্ঠানে ইসরায়েলে নিয়োজিত বিভিন্ন দেশের ৮৬ জন রাষ্ট্রদূতকে আমন্ত্রিত করা হয়েছিল। তবে এর মধ্যে মাত্র ৩০ জন আমন্ত্রণ গ্রহণ করেছেন। এরমধ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তটির বিরোধিতাকারী দুটি দেশও রয়েছে। সেগুলো হলো-হাঙ্গেরি ও চেক রিপাবলিক। তবে ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। রাশিয়া, মিসর ও মেক্সিকোও ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছে না।

রবিবারের অভ্যর্থনা অনুষ্ঠানে গোটা ইসরায়েলি মন্ত্রিসভা উপস্থিতি থাকবে। নেসেট কমিটিগুলোর সভাপতিরা, নেসেট পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক কমিটির সদস্য এবং এমকে জোটের বাকি অংশও যোগ দেবে। অর্থাৎ রবিবারের অনুষ্ঠানে বিরোধী দলের অনেক সদস্যরাও থাকছেন। রবিবারের অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রিত করা হলেও সোমবার দূতাবাসের উদ্বোধনের দিন বিদেশি রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়নি। এদিন তাদেরকে আমন্ত্রণের দায়িত্ব যুক্তরাষ্ট্র প্রশাসনের। ওই অনুষ্ঠানে কেবল উচ্চ পর্যায়ের ইসরায়েলি কর্মকর্তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে।

বিশ্বজুড়ে নিন্দা আর তুমুল প্রতিবাদের মধ্যেও দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তে অনড় রয়েছে যুক্তরাষ্ট্র।  হারেৎজ এর প্রতিবেদনে বলা হয়, সোমবার জেরুজালেমে মার্কিন কনস্যুলেটের ভিসা শাখায় মার্কিন দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। আর তারপর তা জেরুজালেমে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাস হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচিত হবে।

উদ্বোধন সংক্রান্ত অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের জন্য মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন- ট্রাম্পের মেয়ে ইভানকা, জামাতা জ্যারেড কুশনার, অর্থমন্ত্রী স্টিভেন মোনুচিন এবং কংগেসের ১২ সদস্য। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যানও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ফ্রাইডম্যান শুক্রবার বলেছেন, জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে ‘কোনও আদান-প্রদানের অংশ নয়’ বরং তা ‘যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট’।