দক্ষিণ ইরাকে নিজের সশস্ত্র ব্রিগেড বিলুপ্ত করলেন সদর

ইরাকের শীর্ষ শিয়া নেতা মুক্তাদা আল-সদর নিজের সশস্ত্র ব্রিগেডকে বিলুপ্ত ঘোষণা করেছেন। দক্ষিণ ইরাকের বসরা প্রদেশে সদরের সশস্ত্র বাহিনী সক্রিয় ছিল। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

moqtadar-sadr

এক বিবৃতিতে আল-সদরের কার্যালয় জানায়, বসরা প্রদেশের আল-সালাম বিগ্রেডকে বাতিল করা হয়েছে এবং এই ব্রিগেডের নেতা সামির মোহাম্মদ লুয়াইবিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, সরকারের কাজে হস্তক্ষেপ না করতে এই সিদ্ধান্ত নিয়েছেন সদর।

সদরের এক কর্মকর্তা মাগেদ আল-ফারতৌসি জানান, সদর তার অনুসারীদের রাজনীতিতে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

১২ মে অনুষ্ঠিত ইরাকের পার্লামেন্ট নির্বাচনে সদর সমর্থিত জোট সবচেয়ে বেশি ভোট পেয়েছে। নির্বাচনে শীর্ষ তিন দলই শিয়াপন্থী। তারা সবাই মিলে ১৪০টিরও বেশি আসনে জয়লাভ করেছে। দেশটিতে সরকার গঠনের জন্য কমপক্ষে ১৬৫ আসনের প্রয়োজন। 

সদরের সাইরুন জোট মে মাসের নির্বাচনে ৫৪টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পায়। আর ৩২৯ আসনের ইরাকি পার্লামেন্টের মাত্র ৪২টিতে জয়ী হয়ে প্রধানমন্ত্রী আবাদির জোট তৃতীয় অবস্থানে থাকে। দ্বিতীয় অবস্থানে থাকা ইরানপন্থী শিয়া নেতা হাদি আল আমিরির দল পেয়েছে ৪৭টি আসন। এর আগে তার সঙ্গেও জোট গঠনের কথা জানিয়েছিলেন আল সদর। তবে সম্প্রতি নতুন সরকার গঠনের লক্ষ্যে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে জোট গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।

আল সদর ২০১১ সাল পর্যন্ত মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সহিংস আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। পরে তিনি ইরাকি জনগণের স্বার্থ রক্ষার জন্য নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফেরেন। তিনি ইরাকি সমাজের সব অংশ নিয়ে বৃহত্তর জোট গঠনের জন্য আহ্বান জানান। এর মাধ্যমে অন্তর্ভূক্তিমূলক সরকার গঠন করা যাবে।