সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে, তারা ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ধ্বংস করেছে। সৌদি আরব লক্ষ্য করে হুথিদের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযান চালায় সৌদি জোট। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এখবর জানিয়েছে।
রবিবার সামরিক জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের সাদা অঞ্চলে হুথি মিলিশিয়াদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গত ২৪ ঘণ্টায় ধ্বংস করা হয়েছে।
ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন এই সামরিক জোট নির্বাসিত প্রেসিডেন্ট মনসুর হাদির সমর্থনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে। এই গৃহযুদ্ধে এপর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণহানি এবং দেশটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে চলে গিয়েছে।
জাতিসংঘ সমর্থিত মনসুর হাদির সরকারের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ২০১৫ সালে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে। সৌদি জোটের অভিযান শুরুর পর এপর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে ২২০০ শিশু রয়েছে।
সৌদি সরকার পরিচালিত আল এখবারিয়া টিভিতে ৪৯ সেকেন্ডের একটি এরিয়াল ভিডিও দেখানো হয়েছে। যা সাদা এলাকায় অভিযানের বলে দাবি করা হয়েছে। স্বতন্ত্রভাবে এই ভিডিওর সত্যতা যাচাই সম্ভব হয়নি।
উত্তর ইয়েমেন থেকে এই বছর সৌদি আরবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় হুথি বিদ্রোহীরা।
বিশ্বের সবচেয়ে বৃহত্তম অপরিশোধিত তেল রফতানিকারক দেশ সৌদি আরব গত সপ্তাহে সাময়িকভাবে লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালী দিয়ে তেল পাঠানো বন্ধ ঘোষণা করে। সৌদি মালিকানাধীন আরামকোর একটি জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর এই ঘোষণা দেওয়া হয়।