ইরাকি শিয়াদের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি আল সিসতানিকে গতকাল হত্যার চেষ্টা করা হয়েছিল। একজন বন্দুকধারী ইরাকের দক্ষিণের প্রদেশ মুথানার সর্বোচ্চ ধর্মীয় সভার প্রতিনিধি রাদি আল তাইয়ের বাড়িতে গুলি চালায়। এসময় সিসতানির ভাতিজা গুরুতর আহত হন। তবে সিসতানির কোনও ক্ষতি হয়নি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডিল ইস্ট মনিটর লিখেছে, পুলিশ স্পষ্ট করে জানায়নি, হামলার সময়ে সিসতানি রাদি আল তাইয়ের বাড়িতে অবস্থান করছিলেন কি না।
সিসতানি ইরাকি শিয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা। তিনি দেশটিতে ইসলামিক স্টেটের পরাজয়ে বড় ভূমিকা রেখেছিলেন। আইএস উৎখাতের যুদ্ধে অবতীর্ণ হতে তিনি শিয়াদের প্রতি ফতোয়া জারি করেছিলেন। তার আদেশে ইরাকি শিয়ারা দেশটির সেনাবাহিনীর সঙ্গে আইএসবিরোধী যুদ্ধে যোগ দেয়। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ জন্য তাকে ধন্যবাদও জানিয়েছিলেন। সাদ্দাম হুসেনের শাসনামলের বেশিরভাগ সময় গৃহবন্দি থাকা সিসতানির ওপর আগেও হামলা হয়েছে।
সম্প্রতি ইরাকের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল। বেকারত্ব, দারিদ্র ও দুর্নীতির প্রতিবাদে বসরাসহ দেশটির বড় বড় শহরগুলোতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আয়াতুল্লাহ আলি আল সিসতানি এ বিক্ষোভ কর্মসূচির প্রতি সমর্থন দিয়েছেন। তিনি এমন কি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নতুন সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন।