ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ‘ক্ষুধার্থদের বিদ্রোহ’

‘ক্ষুধার্থদের বিদ্রোহ’ আখ্যা দিয়ে ইয়েমেনে হুথিবিরোধীরা গত শনিবার প্রতিবাদ কর্মসূচি পালনের চেষ্টা করেছিল। কিন্তু হুথিদের তৎপরতায় সে প্রচেষ্টা ভেস্তে যায়। সমাবেশ পণ্ড করতে হুথিরাও জমায়েতের সম্ভাব্য স্থানগুলোতে সশস্ত্র সদস্যদের মোতায়েন করে। তাদের সঙ্গে ছিল হুথি সমর্থিত নারীরাও। এরা বিক্ষোভ প্রদর্শনের চেষ্টাকারী নারীদের লাঠিপেটা করে। বিক্ষোভকারীদের কেউ কেউ তাড়া খেয়ে পালাতে সমর্থ হলেও বেশ কয়েক জন নারী এদের হাতে আটক হয়। তবে কত সংখ্যক নারী আটক হয়েছে সে বিষয়ে ভিন্ন ভিন্ন উৎস থেকে ভিন্ন ভিন্ন তথ্য জানা গেছে। মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণকারী সংস্থা মিডিল ইস্ট আই জানিয়েছে, হুথিবিরোধীদের একটি সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ক্ষুধার্থদের বিদ্রোহ’ শীর্ষক এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছিল।houthi sanaa-afp file-9 18

হুথিবিরোধী আন্দোলনকারীদের একজন জানিয়েছেন, সানা বিশ্ববিদ্যালয়ের কয়েক জন ছাত্রী রাস্তায় নেমে সবেমাত্র স্লোগান দেওয়া শুরু করেছিল। এরই মধ্যে হুথি নারীরা লাঠি নিয়ে তাড়া করে তাদের সরিয়ে দিয়েছে। অনেকেকে মারধরও করেছে। এসময় তারা আন্দোলনকারীদের ইলেকট্রিক শক ব্যাটন ও লাঠি দিয়ে পিটিয়েছে। স্লোগান দিচ্ছিল ২০ জনের মতো নারী। তাদের ৯ জনকেই পরে হুথিরা আটক করেছে। তবে এই সংখ্যা নিয়ে রয়েছে দ্বিমত। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সানা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ৫৫ জনকে আটক করা হয়েছে যাদের ১৫ জন নারী। অন্যদিকে সুমাইয়া বখশ নামের এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, হুথিরা কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করেছে, যাদের মধ্যে ১৬ জন নারী ।
একজন হুথিবিরোধী আন্দোলনকারী বলেছেন, ‘আমরা ভাবিনি হুথিরা মেয়েদের আটক করবে। কারণ রক্ষণশীল ইয়েমেনি সমাজে মেয়েদের আটক করে রাখাটা লজ্জার বিষয়। কিন্তু হুথিরা নারীদের আটক করেছে।’ শুধু যে হুথি নারীরাই তাদের মারধর করেছে তা নয়, হুথি পুরুষ যোদ্ধারাও তাদের নিপীড়নে ভূমিকা রেখেছে। এসব পুরুষ হুথি যোদ্ধা হুথিবিরোধী নারীদের আটক করে থানায় নিয়ে যায় প্রথমে কিন্তু সেখান থেকে কোথায় নিয়ে গিয়েছিল তা তখন জানা যায়নি। তাদের কাছ থেকে মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছিল। ফলে সহযোগীরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না।

সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, এই প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে হুথিরা সানা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল। সেখানে মোতায়েন করা হয়েছিল ট্যাংক ও সাঁজোয়া গাড়ি। হুথিদের হামলার আশঙ্কায় প্রতিবাদে অংশ না নেওয়া একজন ছাত্রী মিডিল ইস্ট মনিটরের কাছে বলেছেন, ‘হুথিরা সবদিক দিয়েই ব্যর্থ। তারা শুধু মানুষকে ভয় দেখানতে সফল হয়েছে।’

হুথি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সাবার ভাষ্য, ‘নিরাপত্তা বাহিনী কয়েকজন ভাড়াটে যোদ্ধাকে রাজধানী সানা থেকে গ্রেফতার করেছে। তাদের কর্মকাণ্ড শান্তি নষ্ট করেছে। তারা গুজব ছাড়ানোর কাজ করছিল।’ শনিবার আটক করা বিক্ষোভকারীদের সন্ধ্যার পরে ছেড়ে দেওয়া হয়। তবে এর জন্য আর কোনও প্রতিবাদ কর্মসূচিতে অংশ না নেওয়ার মুচলেকা দিতে হয়েছে তাদের।