নাগরিকদের দ্রুত টিকা দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলকে বলা চলে বিশ্ব চ্যাম্পিয়ন। সেখানে প্রতি ১০০ জনে ৫৫ জনেরও বেশি ব্যক্তিকে ফাইজার বা মডার্নার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। জনসংখ্যার এক তৃতীয়াংশই এরইমধ্যে প্রয়োজনীয় দুইটি ডোজের মধ্যে অন্তত প্রথমটি পেয়ে গেছে। দ্রুত বিপুল সংখ্যক মানুষকে টিকা দেওয়ার মাধ্যমে সেখানে ভ্যাকসিনের কার্যকারিতাও প্রমাণিত হয়েছে।
টিকাদান কর্মসূচিতে এখনও পর্যন্ত ইসরায়েলের কাছাকাছি অবস্থানে কেউ নেই। যুক্তরাজ্যে প্রতি ১০০ জনে ১৫ জন এবং যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ মানুষ টিকার ডোজ পেয়েছেন।
ইসরায়েলের দ্রুত টিকাদান কর্মসূচির নেপথ্যে রয়েছে দেশটির কার্যকর জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা। এতে প্রায় ৯০ লাখ নাগরিকের পরিচয়পত্রের পাশাপাশি তাদের ইলেকট্রনিক মেডিকেল ফাইলগুলোও যুক্ত করা হয়েছে। যে কাজটি অন্য দেশগুলো করতে পারেনি। ফলে সেখানে কী ঘটছে তা থেকে এখন অন্যরাও অনেক কিছু শিখতে পারে।
বাজারে আসা প্রতিটি ভ্যাকসিনেরই ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে। এসব ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের ওপর টিকার কী প্রভাব পড়েছে সেটি পর্যালোচনা করেছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। তবে এসব ট্রায়ালে অংশগ্রহণকারীর সংখ্যায় সীমাবদ্ধতা ছিল। এখন যেহেতু ইসরায়েলের বিপুল সংখ্যক মানুষকে টিকা দেওয়া হয়েছে, ফলে বিশেষজ্ঞদের জন্য ব্যাপকভিত্তিকভাবে বাস্তব অভিজ্ঞতা পর্যালোচনার সুযোগ তৈরি হয়েছে।
অভিজ্ঞতা বলছে, বাস্তবেও প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিনগুলোর কার্যকারিতা দেখা যাচ্ছে। এমনকি যুক্তরাজ্য থেকে উদ্ভূত নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধেও এটি কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
করোনার তৃতীয় ঢেউ শুরুর প্রাক্কালে ২০২০ সালের ২০ ডিসেম্বর ইসরায়েলে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। এর দুই সপ্তাহ পর কঠোর লকডাউন জারি করে কর্তৃপক্ষ। প্রথম দিকে টিকা নিয়ে কিছু সংশয় থাকলেও এখন দ্রুত টিকাদান কর্মসূচি বাস্তবায়নের সুফল পাচ্ছে দেশটি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার একাধিক টিকাও আবিষ্কৃত হয়েছে। সূত্র: ইয়াহু নিউজ।