দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বুশের পারমাণবিক প্লান্টের কাছে জনবিরল মরুভূমিতে আকাশ প্রতিরক্ষা মহড়া চালিয়েছে ইরান। দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা চলার মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার ভোরে বুশের প্রদেশের দক্ষিণে এবং পারস্য উপসাগরের ওপর দিয়ে এই মহড়া চালানো হয়।
এদিকে ভিয়েনায় ইরানের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষে ছয় বিশ্ব শক্তির সঙ্গে আলোচনায় কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি।
২০১৫ সালে স্বাক্ষরিত ওই চুক্তি ফের সক্রিয় করা ঠেকাতে চায় ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি সামরিক হামলা চালানোর হুমকি দিচ্ছে দেশটি।
ইরানের নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট সংবাদমাধ্যম নূরনিউজ গত সপ্তাহে জানায়, ভিয়েনার আলোচনা বাতিল করতে ইসরায়েল হামলা চালাতে পারে বলে বিশ্বাসযোগ্য আশঙ্কা রয়েছে। সোমবার এটি বিপ্লবী ইসলামি গার্ডের কমান্ডার গোলামআলি রশিদ জানান, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইসরায়েল হামলা চালাবে না।
এ মাসের শুরুতে ইরানের অন্যতম পরমাণু স্থাপনা নাতাঞ্জের পাশে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সে সময় দেশটির সংবাদমাধ্যম জানায়, এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল মহড়ার অংশ হিসেবে কোনো হামলা প্রতিহত করার জন্য নয়।
এ নাতাঞ্জ পরমাণুকেন্দ্রে ২০২০ ও ২০২১ সালে দুটি নাশকতার ঘটনা ঘটেছে। এগুলোর জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। এ ছাড়া জুনে খারাজে একটি সেন্টিফিউজ ওয়ার্কশপেও নাশকতার ঘটনা ঘটে। যার জন্যও তেল আবিবকে দায়ী করে তেহরান।