মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনারা জানিয়েছেন, তারা ইসলামিক স্টেট (আইএস)-এর সিনিয়র সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার প্রাক-ভোর অভিযানে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা দেখেছেন হেলিকপ্টার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি বিচ্ছিন্ন বাড়িতে ‘ছোঁ মারে’। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
যুদ্ধ পর্যালোচনাকারী একটি সংস্থা ও এএফপির প্রতিনিধি জানান, দুটি সামরিক হেলিকপ্টার মাত্র কয়েক মিনিটের জন্য ভূমিতে অবতরণ করে এবং বেশ কয়েকটি গুলিবর্ষণ হয়েছে। এই গ্রামটি তুর্কি সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত।
মার্কিন নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, আটককৃত ব্যক্তি বোমা নির্মাণে অভিজ্ঞ এবং আভিযানিক সহায়তাকারী। যে আইএস সিরীয় শাখার একজন শীর্ষ নেতায় পরিণত হয়েছে।
বিবৃতিতে আটক জঙ্গির নাম প্রকাশ করা হয়নি। তবে জোটের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, বন্দি ব্যক্তির নাম হানি আহমেদ আল-কুর্দি। আইএস যখন সিরিয়ার রাক্কাতে তথাকথিত রাজধানী স্থাপন করে তখন সে অঞ্চলটির নেতা ছিল।
উত্তর-পশ্চিম সিরিয়ার এই অঞ্চলে মার্কিন নেতাদের এমন অভিযান খুব বিরল। এলাকাটি তুর্কি সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এই বিদ্রোহীরা আইএস সংশ্লিষ্ট না।
এর আগে ফেব্রুয়ারির শুরুর স্পেশাল ফোর্সের অভিযানে আইএস নেতা আবু ইব্রাহিম আল-কুরেশি নিহত হয়। অভিযানের সময় বন্দি হওয়া এড়াতে বোমার ভেস্ট বিস্ফোরণ ঘটালে তার মৃত্যু হয়।
ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যালোচনাকারী গোষ্ঠী দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার বন্দি আইএস নেতার পরিচয় নিশ্চিত করতে পারেনি। গোষ্ঠীটির প্রধান রামি আবদেল রহমান এএফপিকে বলেন, দুটি সামরিক হেলিকপ্টার আল-হুমায়রাতে অবতরণ করে এবং সাত মিনিট পর আবার উড্ডয়ন করে। এসময় কয়েকটি গুলিবর্ষণ হয়েছে।
তিনি আরও বলেন, মার্কিন অভিযান ছিল দ্রুত ও মসৃণ।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ঝুঁকি কমাতে এবং বেসামরিকের হতাহত এড়াতে সতর্কভাবে অভিযানটির পরিকল্পনা করা হয়েছিল। অভিযানে কোনও বেসামরিকের ক্ষয়ক্ষতি হয়নি বা জোটের উড়োজাহাজ বা সম্পদের ক্ষতি হয়নি।
অভিযানটির স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইউসেফ জানান, গ্রামের উপকণ্ঠে একটি বাড়িকে নিশানা করা হয় অভিযানে। বাড়িটিতে আলেপ্পো থেকে কিছু মানুষ বাস করছিল। রাতের অভিযানের সময় আকাশে কর্ম ব্যস্ততা ছিল।
তিনি বলেন, দেড় ঘণ্টার মধ্যে আটটি হেলিকপ্টার উড়ে। এগুলো যখন চলে যায় আমরা বাড়িটির দিকে যাই। সেখানে গিয়ে কাছের ক্ষেতে এক নারী ও শিশুদের বাধা অবস্থায় পাই।
তিনি জানান, ওই নারী তাকে বলেছেন জোটের সেনারা ফাওয়াজ নামের এক ব্যক্তিকে আটক করেছে।
গ্রামের অপর বাসিন্দারা এএফপিকে জানান, বাড়িটিতে চার পুরুষ ও ছয় নারী বাস করতো। কিন্তু তারা একই পরিবারের সদস্য কিনা তা তারা জানেন না। গ্রামের মানুষদের সঙ্গে মিশত না বাড়িটির বাসিন্দারা।
অপর প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের পর তুর্কিপন্থী সিরীয় গোষ্ঠী বাড়িটির অপর দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।