লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সশস্ত্র দুই মিলিশিয়া দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। রক্তক্ষয়ী সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে ত্রিপোলি। রক্তপাত বন্ধে সব পক্ষকে অবিলম্বে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের সংঘর্ষে কমেডিয়ান মুস্তফা বারাত নিহত হন।
গত দুই বছর ধরে দেশটিতে শান্ত পরিস্থিতি থাকলেও শনিবার সন্ধ্যা থেকে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সশস্ত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে। রাস্তায় নেমে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনী ফাথি বাশাঘার অনুগত মিলিশিয়াদের একটি বহরকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করে। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার জেরে লিবিয়ার আবারও অস্থিরতা দেখা যাচ্ছে।
এদিন রাজধানীতে বিভিন্ন এলাকায় গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহরের বিভিন্ন জায়গায় কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এতে ত্রিপোলির জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।জরুরি পরিষেবাগুলো বলছে, সংঘর্ষের কবল থেকে বাদ যায়নি হাসপাতালও। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী।
২০১১ সাল থেকে লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রায় সময় উত্তেজনা লক্ষ্য করা যায়। গত ডিসেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় সংকট বেড়েছে। ফেব্রুয়ারিতে পূর্বাঞ্চলভিত্তিক পার্লামেন্টের সমর্থনে ফাতিহ বাশাঘা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর উত্তেজনা আরও বাড়ে।
সূত্র: বিবিসি, আল জাজিরা।