রাশিয়ায় পৌঁছেছে ইরানি সামরিক ড্রোনের প্রথম চালান

দুই ধরনের সামরিক ড্রোনের প্রথম চালান রাশিয়ায় পাঠিয়েছে ইরান। তেহরানের কাছে শত শত ড্রোনের অর্ডার দিয়েছে মস্কো। এই অর্ডারের অংশ হিসেবে এই মাসে প্রথম চালানের অস্ত্র পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরান সরকারের এক উপদেষ্টা এবং মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানের তৈরি ড্রোনগুলো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে পারে রাশিয়া। আকাশ থেকে ভূমিতে হামলা, ইলেক্ট্রনিক হামলা চালাতে এবং লক্ষ্যবস্তু শনাক্ত করতে এসব ড্রোন ব্যবহার হতে পারে বলে জানিয়েছে তারা।

ইরান আনুষ্ঠানিকভাবে দাবি করে আসছে, এই যুদ্ধে কোনও পক্ষকেই তারা সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না। তবে ইউক্রেনে আগ্রাসন শুরুর আগেই ড্রোন সরবরাহ করতে মস্কোর সঙ্গে সামরিক চুক্তি করার কথা জানায় রাশিয়া।

আগস্ট মাসের বেশ কয়েক দিন ধরে ইরানের একটি বিমান ঘাঁটি থেকে ড্রোন সামগ্রী বহনকারী রাশিয়ার পরিবহন বিমান মস্কোর উদ্দেশে ছেড়ে যায়। তবে ইরানের সরবরাহ করা প্রথম চালানের ড্রোনে যান্ত্রিক ত্রুটি ছিল বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

ইরানের সরবরাহ করা ড্রোনগুলো মোহাজের-৬ এবং শহীদ সিরিজের। ইরান সরকারের এক উপদেষ্টা জানিয়েছেন, এই ড্রোনগুলো পরিচালনার প্রশিক্ষণ ইরানে গ্রহণ করছে রাশিয়ার অপারেটররা।

মোহাজের-৬ সিরিজের ড্রোনগুলোর নজরদারির সক্ষমতা রয়েছে। আর শহীদ সিরিজকে ইরানের সবচেয়ে ক্ষমতাধর সামরিক ড্রোন বিবেচনা করা হয়।

ড্রোন প্রযুক্তিতে অগ্রদূতদের মধ্যে অন্যতম ইরান। অন্তত চার দশক ধরে দেশটির নকশা এবং উৎপাদনের অভিজ্ঞতা রয়েছে। ইয়েমেন, ইরাক, সিরিয়া, লেবানন ও গাজায় বিভিন্ন গ্রুপের কাছে সামরিক ড্রোন সরবরাহ করেছে তেহরান।