ইরানের বিক্ষোভকারীদের আইআরজিসি প্রধানের হুমকি

ইরানে চলমান বিক্ষোভকারীদের প্রতি হুমকি দিয়ে দেশটির প্রভাবশালী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইজিআরসি) প্রধান হোসেইন সালামি বলেছেন, রাস্তায় নামবেন না! আজ দাঙ্গার শেষ দিন। শনিবার শিরাজ শহরে সন্ত্রাসী হামলায় নিহতদের জানাজা অনুষ্ঠানে এ কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আইআরজিসি প্রধানের এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইরানজুড়ে চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তাবাহিনী আরও কঠোর হবে। ২২ বছর কুর্দি নারী মাহশা আমিনি নৈতিকতা পুলিশের হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিকেই ইরানের শাসকদের জন্য সবচেয়ে দৃঢ় চ্যালেঞ্জ হিসেবে মনে করা হচ্ছে। চলমান বিক্ষোভের জন্য ইরানের নেতারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শত্রুদের দায়ী করে আসছে।

সালামি বলেছেন, এটি অশুভ পরিকল্পনা হোয়াইট হাউজ ও জায়নবাদী শাসকদের তৈরি করা। নিজেদের সম্মান যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেবেন না। যে নিরাপত্তা বাহিনী আপনাকে রক্ষা করছে তাদের মুখে চড় মারবেন না।

এক মাসের বেশি সময় ধরে চলমান বিক্ষোভে এমন হুমকি অগ্রাহ্য করে আসছেন প্রতিবাদকারীরা। চলমান বিক্ষোভে নেতৃস্থানীয় ভূমিকায় রয়েছেন দেশটির নারীরা। শনিবার নতুন করে রক্তাক্ত সংঘর্ষ ও বিক্ষোভ জোরদার হওয়ার খবর পাওয়া গেছে।

একটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, সাকেজ শহরে নিরাপত্তাবাহিনীর গুলিতে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এছাড়া কুর্দিস্তান মেডিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে নিরাপত্তাবাহিনী। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এদের অনেকে গুলিবিদ্ধ। রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে এই বক্তব্য যাচাই করা সম্ভব হয়নি।