বিদেশিদের ওমরাহ হজের বিমা ব্যয় কমালো সৌদি আরব

বিদেশি ওমরাহ হজযাত্রীদের সমন্বিত বিমা ব্যয় ৬৩ শতাংশ বা ১৪৮ সৌদি রিয়াল কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশিদের জন্য বিমা ব্যয় ২৩৫ সৌদি রিয়াল থেকে কমিয়ে ৮৭ রিয়াল করা হয়েছে। ১০ জানুয়ারি থেকে এই নতুন ব্যয় কার্যকর হয়েছে। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ওমরাহ হজের এই বিমা পলিসিটি একটি সমন্বিত পলিসি। এর মাধ্যমে সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ করতে আসা হাজিদের জন্য কার্যকর হবে।

সৌদি আরবে যাওয়ার আগে ভিসা প্রসেসিংয়ের মধ্যে অন্তর্ভূক্ত এই বিমা পলিসির মধ্যে রয়েছে- সৌদি আরবে অবস্থানকালে চিকিৎসা, হাসপাতালে ভর্তি, জরুরি প্রসব, জরুরি দাঁতের চিকিৎসা, সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা,  ডায়ালাসাইস এবং অভ্যন্তরীণ ও বহিঃস্থ চিকিৎসা স্থানান্তরের মতো জরুরি অবস্থা।

দুর্ঘটনাজনিত স্থায়ী প্রতিবন্ধকতা, প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু, মৃত ব্যক্তির দেহ নিজ দেশে ফেরত দেওয়া এবং আদালতের রায় দ্বারা জারিকৃত মামলার ক্ষতিপূরণের মতো সাধারণ মামলাগুলোও এই বিমার আওতায় থাকে। এতে ফ্লাইট বিলম্বের ক্ষতিপূরণ ও ফ্লাইট বাতিলের ক্ষতিপূরণও অন্তর্ভূক্ত রয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমার মেয়াদ সৌদি আরবে প্রবেশের দিন থেকে ৯০ দিন কার্যকর থাকবে।

ওমরাহ পালনকারীরা সমন্বিত বিমা কর্মসূচির ওয়েবসাইটে ওমরাহ বিমা পলিসি যাচাই, সত্যতা নিশ্চিত ও সেবা সম্পর্কে জানতে পারবেন।