সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে দামেস্কে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। এটিকে সিরীয় গৃহযুদ্ধ শুরুর পর আরব বিশ্বের সঙ্গে আসাদ সরকারের বিচ্ছিন্নতার অবসানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার দামেস্কে অবতরণ করেছেন প্রিন্স ফয়সাল। সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর রিয়াদ সফরের এক সপ্তাহ পর তিনি দামেস্ক সফরে আসলেন।
২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার রাজধানীতে সৌদি আরবের শীর্ষ কোনও কর্মকর্তার এটাই প্রথম সফর।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই সফর সিরিয়ার সংঘাতের একটি রাজনৈতিক সমাধান খুঁজতে সৌদি আরবের আকাঙ্ক্ষার প্রকাশ। যা সিরিয়ার আরব পরিচয় রক্ষা করবে এবং এটিকে আরব বিশ্বে ফিরিয়ে আনবে।
সিরিয়ায় সংঘাত ছড়িয়ে পড়লে আরব বিশ্বে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে আসাদের সরকার। তবে সৌদি আরব এবং দামেস্কের মিত্র ইরানের সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্তের পর আঞ্চলিক সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে শুরু করেছে।
এক সপ্তাহ আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ সৌদি আরব সফর করেন। গত ১১ বছরের মধ্যে এটিই ছিল সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রথম রিয়াদ সফর।
গত সপ্তাহে ৯টি আরব দেশের কূটনীতিকরা সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন। বৈঠকে সিরিয়াকে ২২ সদস্য রাষ্ট্রের জোট আরব লিগে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। ২০১১ সালে জোটটিতে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছিল।
বৈঠক নিয়ে বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, সিরীয় সংকটের অবসানের প্রচেষ্টায় আরব নেতৃত্বের ওপর গুরুত্বারোপ দেওয়া হয়েছে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েকটি দেশ এখনও আরব লিগে সিরিয়ার ফিরে আসার বিরোধিতা করছে।
সিরীয় গৃহযুদ্ধ শুরু হলে ২০১২ সালে আসাদ সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব। যুদ্ধে সরকারবিরোধী বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছিল সৌদি আরব। একই সঙ্গে বেশ কয়েকটি আরব দেশও সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
তবে গত কয়েক মাস ধরে দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। যুদ্ধ শুরু পর থেকে আসাদ সরকারের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া রিয়াদের সম্পৃক্ততা বাড়ছে।
আসাদ এই বছর সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সফর করেছেন। গত মাসে সৌদি আরব বলেছে, তারা সিরিয়ায় কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে দামেস্কের সঙ্গে আলোচনা শুরু করেছে।