গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের জের

একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান আইনপ্রণেতা রাশিদা তালেবের বিরুদ্ধে কংগ্রেসে নিন্দা প্রস্তাব পাস

মার্কিন প্রতিনিধি পরিষদ কংগ্রেসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান আইনপ্রণেতা রাশিদা তালেবের বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাব পাস হয়েছে। গাজায় ইসরায়েলের আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা করায় মঙ্গলবার (৭ নভেম্বর) তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

‘নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন স্বাধীন হবে’ এই স্লোগান দেওয়ার জন্য রাশিদার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। এই স্লোগানের মাধ্যমে তিনি ইসরায়েলের ধ্বংস বুঝিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। এই স্লোগান ‘ইসরায়েল রাষ্ট্র এবং এর জনগণকে ধ্বংস করার আহ্বান হিসাবে স্বীকৃত’।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দল রিপাবলিকানদের আনা প্রস্তাবটি ২৩৪-১৮৮ ভোটে গৃহীত হয়েছে। শুধু রিপাবলিকান সদস্যরাই নয়, ক্ষমতাসীন রাশিদা তালেবের ডেমোক্র্যাট দলীয় কিছু সদস্যও এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

তবে কংগ্রেসের এ নিন্দা প্রস্তাবে মোটেও বিচলিত নন রাশিদা তালেব। ফিলিস্তিনি বংশোদ্ভূত এই নারী আইনপ্রণেতা বলেন, ‘আমাকে চুপ করানো যাবে না।’ তিনি বলেন, ‘জনগণ ও সরকারকে আলাদা করা গুরুত্বপূর্ণ।

ইসরাইল সরকারের সমালোচনা করা মানেই ইহুদি-বিরোধী, এ ধারণাটি অত্যন্ত বিপজ্জনক। এটি মানবাধিকারের পক্ষে কথা বলা বিভিন্ন কণ্ঠস্বরকে থামিয়ে দিতে ব্যবহার করা হয়েছে।’ ‘কোনো সরকারই সমালোচনার ঊর্ধ্বে নয়।’ বলেও মন্তব্য করেন তিনি।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে ইসরায়েলের সমালোচনা করে আসছে রাশিদা তালেব। এজন্য তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো রাশিদার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হলো।

৪৭ বছর বয়সী রাশিদা তালেব একজন ডেমোক্র্যাট রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি তিন-মেয়াদের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য এবং বর্তমানে মিশিগানের ১২তম কংগ্রেসনাল জেলার প্রতিনিধি হিসাবে দায়িত্বরত।

এছাড়া কংগ্রেসে ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম নারীও তিনি। রাশিদা তালেবের জন্ম ফিলিস্তিনে। পশ্চিম তীরে এখনও তার পরিবার রয়েছে।