অবরুদ্ধ গাজায় প্রবেশের রাফাহ ক্রসিং বুধবার বন্ধ করে দেওয়া হয়েছে। অনির্দিষ্ট নিরাপত্তার স্বার্থে গাজা-মিসর সীমান্ত ক্রসিং আবারও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই ক্রসিং পুনরায় খুলে দেওয়ার জন্য মিসর ও ইসরায়েলের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা যতদূর জেনেছি, অনির্দিষ্ট নিরাপত্তার স্বার্থে মিসরের রাফাহ ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, রাফাহ ক্রসিয়ের সামনে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বোমা হামলার পর শনিবার ও রবিবার বিদেশি পাসপোর্টধারীদের স্থানান্তর স্থগিত করা হয়েছিল। কিন্তু এই ঘটনার পর সোমবার ও মঙ্গলবার বিদেশিদের জন্য আবার খুলে দেওয়া হয়েছিল রাফাহ ক্রসিং।
বেদান্ত প্যাটেল বলেন, আমরা আশাবাদী, নিয়মিত বিরতির পর মিসর-নিয়ন্ত্রিত রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেওয়া হবে। যাতে অবরুদ্ধ গাজায় সহায়তা পৌঁছাতে পারে। তাছাড়া যাতে করে নিজ গন্তব্যেযেতে পারে বিদেশিরা।
প্যাটেল জানান, গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত ৪০০ মার্কিন নাগরিক গাজা ছেড়েছেন। এরা সবাই রাফাহ ক্রসিং দিয়েই মিসরে প্রবেশ করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে মানবিক বিরতির জন্য আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। যাতে গাজায় সাহায্য প্রবেশ করতে পারে।
প্যাটেল জানিয়েছেন, মঙ্গলবার গাজায় খাদ্য, ওষুধ, স্বাস্থ্য সরবরাহ, পানি ও স্বাস্থ্যবিধি পণ্য বহনকারী ৮১টি ট্রাক প্রবেশ করেছে। গাজায় এখন পর্যন্ত ৬৫০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে।