ইরাকে সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় এক জেনারেল নিহত

nonameইরাকের একটি সেনাঘাঁটিতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় এক জেনারেল ও নয় সেনা নিহত হয়েছেন। সোমবার ভোরের দিকে দেশটির হাদিথা এলাকার সেনা ঘাঁটিতে প্রবেশের পর চার জঙ্গি নিজেদের শরীরের থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। বিবিসি এ খবর নিশ্চিত করেছে।
বিস্ফোরণে নিহত ব্রিগেডিয়ার জেনারেল আলি আব্বাউদ ছিলেন জাজিরা ও বাদিয়া অঞ্চলের অপারেশন কমান্ডের প্রতিরক্ষা প্রধান। হামলায় আরও ৯ সেনা নিহত হওয়ার পাশাপাশি ৮জন আহত হয়েছেন।
হাদিথা শহর বাগদাদ থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে। এই শহরটি সুন্নি অধ্যুষিত শহর যেখানে আইএসের নিয়ন্ত্রণ নেই।  
অপারেশন ঘাঁটির প্রধান মেজর জেনারেল আলি দাবউন জানান, সোমবার রাতে জাজিরা ও বাদিয়া অপারেশন কমান্ড সেন্টারের মূল গেল দিয়ে চার জঙ্গি প্রবেশ করে ভেতরে সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে। এক জঙ্গি জেনারেল আব্বাউদের অফিসে গিয়ে বিস্ফোরণ ঘটায়। আর অপর তিনজন ঘাঁটির অন্যান্য স্থানে বিস্ফোরণ ঘটায়।

এর আগে সোমবার শিয়া মিলিশিয়া কমান্ডারদের এক দাফন অনুষ্ঠানে বিস্ফোরণে ৪০ জন নিহত হন। এছাড়া বাগদাদে একটি চেকপোস্টে অপর হামলায় ৮ নিরাপত্তারক্ষী নিহত হন। তার আগের দিন রবিবার শিয়া অধ্যুষিত জেলার সদর সিটির একটি ব্যস্ত মার্কেটে দুই আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটালে ৭০ জনের মৃত্যু হয়।

 সূত্র: বিবিসি।

/এএ/