ইসরায়েল অভিমুখী সব জাহাজে হামলার নতুন হুমকি হুথিদের

ইসরায়েল অভিমুখে লোহিত সাগর দিয়ে কোনও পণ্যবাহী জাহাজ যেতে পারবে না বলে নতুন করে ঘোষণা দিয়েছে  ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। গোষ্ঠীটির সর্বোচ্চ বিপ্লবী বাহিনীর শীর্ষ কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুথি এ মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

মোহাম্মদ আলী আল-হুথি বলেন, কোনও জাহাজ ইসরায়েলের দিকে অগ্রসর হতে পারবে না। রেডিও চালু রাখা হবে, যেন আমরা সহজেই জাহাজের খবরা-খবর পেতে পারে। সেই সঙ্গে মিথ্যা পরিচয় দিয়ে বা অন্য দেশের পতাকা দিয়ে জাহাজ চলাচলের বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন হুথি বিপ্লবী বাহিনীর শীর্ষ কমিটির প্রধান। 
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচারে হামলার প্রতিবাদে ইয়েমেনের পশ্চিম সমুদ্র তীরে ইসরায়েলের যোগাযোগ নিয়ন্ত্রণ করা হয়েছে। এর আগে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি বলেন, ইসরায়েলগামী সব জাহাজ হামলার লক্ষ্যবস্তু হবে। সেই সঙ্গে ইসরায়েলি বন্দরগুলোতে যেকোনও কর্মকাণ্ড পরিচালনা এড়াতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করেছে গোষ্ঠীটি। 

মঙ্গলবার ইয়েমেনের উপকূলে বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলকারী একটি ট্যাঙ্কার জাহাজে অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল নিক্ষেপ করে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজটি নরওয়েজিয়ান মালিকানাধীন এবং পরিচালিত ছিল। হামলায় ক্ষয়ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা লোহিত সাগরে তাদের সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজ এসএআর-৬ ক্লাস কর্ভেট মোতায়েন করেছে।

বিশ্লেষকরা বলছেন, ব্যস্ততম শিপিং ব্যবসায়কে অবরুদ্ধ করা এবং এর জের ধরে বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে বাহরাইনের বাইরে একটি বৃহত্তর সামুদ্রিক সুরক্ষা বাহিনী সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে লোহিত সাগরের মধ্য দিয়ে পণ্য পরিবহনে ব্যয় বাড়ছে। হুথিরা তাদের হামলা বাড়াচ্ছে আর এতে বিশ্বব্যাপী সরবরাহ ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এরইমধ্যে ব্রিটিশ বিমা কোম্পানিগুলো লোহিত সাগরকে তার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে তালিকাভুক্ত করেছে। জাহাজগুলোকে তাদের বিমাকারীদের এই অঞ্চলগুলোর মধ্য দিয়ে যাত্রা করার সময় জানাতে হবে এবং সাধারণত অতিরিক্ত সাত দিন সময়ের জন্য অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে।

ব্রিটেনের নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল এবং উপসাগরের পূর্ববর্তী মেরিটাইম সিকিউরিটি কমান্ডার ডানকান পোটস বলেছেন, প্রায় ২৩ হাজার জাহাজ লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্তকারী সংকীর্ণ বাব এল-মান্দেব প্রণালি দিয়ে যাতায়াত করে।

এদিকে যুক্তরাষ্ট্র হুথি বিদ্রোহীদের সতর্ক করে বলছে, জাতিসংঘের তত্ত্বাবধানে সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের যে শান্তি পরিকল্পনা করা হয়েছে তা ভেস্তে যাবে যদি হুথিরা তাদের হামলা অব্যাহত রাখে।