ছয় মাসের যুদ্ধে গাজায় শতাধিক মানবাধিকার কর্মী নিহত

গাজায় গত ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত শতাধিক মানবাধিকার ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। সোমবার (১ এপ্রিল) মধ্য গাজায় ৫ ত্রাণকর্মী নিহত হওয়ার পর, হতাহতের পরিসংখ্যান তুলে ধরেছে মানবাধিকার সংস্থাগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ) সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৭৪ জন মানবাধিকার কর্মী নিহত হয়েছে। এর মধ্যে ১৭১ জনই ইউএনআরডব্লিউএ কর্মী। সংস্থাটির ইতিহাসে একে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা বলে উল্লেখ করেছে জাতিসংঘ। ১৯৪৯ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সহায়ক অঙ্গ হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছয় মাসে তাদের অন্তত ৩৪৮ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। এদিকে, গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, দায়িত্ব পালনরত অবস্থায় সিভিল ডিফেন্সের ৪৮ সদস্য নিহত হয়েছে।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, যুদ্ধে তাদের ১৫ জন কর্মী ও স্বেচ্ছাসেবক নিহত হয়েছে।

মধ্য গাজার দেইর এল-বালাহতে ইসরায়েলি বিমান হামলায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) ৫ কর্মী নিহত হওয়ার পর এ পরিসংখ্যান তুলে ধরেছে জাতিসংঘসহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো।