হিজবুল্লাহর সামরিক কমান্ডার হত্যা

সঠিক সময়ে ইসরায়েলকে কড়া জবাবের হুঁশিয়ারি হিজবুল্লাহ নেতার

গত সপ্তাহে হিজবুল্লাহর সামরিক কমান্ডারকে হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ। মঙ্গলবার (৭ আগস্ট) হিজবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহ বলেছেন, পরিণতি যাইহোক না কেন, হিজবুল্লাহ একা বা তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে  মিলে একটি ‘শক্তিশালী ও কার্যকর’ প্রতিক্রিয়া দেখাবে।

হিজবুল্লাহ প্রতিক্রিয়া জানাতে সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে বলে জানিয়েছেনন নাসরাল্লাহ।  তবে এই প্রতিক্রিয়া কবে জানানো হবে তা স্পষ্ট করেননি তিনি।

নাসরাল্লাহ আরও বলেন, হিজবুল্লাহকে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখার সব আন্তর্জাতিক প্রচেষ্টা বৃথা।

বৈরুতে হিজবুল্লাহ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার এক সপ্তাহ উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নাসরাল্লাহ বলেন, ‘পরিণাম যাই হোক না কেন, প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি হামলাগুলোর জবাব না দিয়ে থাকবে না। ’

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে জড়ো হওয়া হিজবুল্লাহর সদস্য ও সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় তিনি বলেছিলেন, ‘আল্লাহ চান তো আমাদের প্রতিক্রিয়া শক্তিশালী, কার্যকর এবং প্রভাবশালী হবে।’

রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, শুকরের হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহর প্রতিশ্রুতি এবং গত সপ্তাহে তেহরানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধানকে হত্যার ঘটনায় ইরানের ক্ষোভ মধ্যপ্রাচ্য পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি তৈরি করছে।

হামাস প্রধান ইসমাইল হানিয়েহকে হত্যার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে ইরান। তবে এ ঘটনায় ইসরায়েল জড়িত থাকার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।