গাজায় ত্রাণকর্মীদের চলাচল স্থগিত করলো জাতিসংঘের খাদ্য সংস্থা

ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হওয়ার পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণকর্মীদের চলাচল স্থগিত করেছে জাতিসংঘের খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)। ১০ মাসব্যাপী যুদ্ধে এই প্রথম চেকপোস্টের কাছে এসে সংস্থাটির একটি গাড়িতে হামলার শিকার সন হামলা হয়েছে। বুধবার (২৯ আগস্ট) কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

ইসরায়েল নিয়ন্ত্রিত একটি চেকপয়েন্ট থেকে মাত্র মিটারখানেক দূরে বন্দুকযুদ্ধের সময় ডব্লিউএফপি এর একটি গাড়িতে সরাসরি গুলি করে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার রাতে গাড়িটি ওয়াদি গাজা ব্রিজ চেকপয়েন্টের কাছে আসার সময় এ ঘটনা ঘটে। এর পরই ‘পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত’ গাজায় সংস্থাটির ত্রাণকর্মীদের চলাচল স্থগিত করা হয়।

একটি বিবৃতিতে ডব্লিউএফপি বলেছে, ‘গাড়িটিতে থাকা ত্রাণকর্মীদের কেউই শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হননি।’

এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। নিউইয়র্কে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘স্পষ্টভাবে চিহ্নিত’ করা মানবিক সহায়তা বহনকারী এই গাড়িটিকে বন্দুকযুদ্ধের সময় ইসরায়েল ‘১০বার আঘাত’ করেছে। এসময় গাড়িটির সামনের জানালা লক্ষ্য করে গুলি করা হয়। পাঁচটি গুলি চালকের পাশে এবং কয়েকটি উইন্ডস্ক্রিনে লেগেছে।

গাজার কেন্দ্রীয় এলাকায় মানবিক পণ্যবাহী ট্রাকের একটি বহর পৌঁছে দেওয়ার পর, কারেম আবু সালেমের একটি মিশন থেকে দুটি ডব্লিউএফপি সাঁজোয়া যান নিয়ে দলটি ফিরছিল।

ডুজারিক বলেন, গাড়ি বহরটির গতিবিধি ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে এবং চালকের কাছে সেখানে যাওয়ার ছাড়পত্রও রয়েছে।

তিনি বলেন, ‘সমন্বয়ের জন্য সিস্টেমগুলো যে কাজ করছে না, তা বোঝানোর জন্য এটি একটি সর্বশেষ ঘটনা। আমরা ইসরায়েলি বাহিনীর সঙ্গে কাজ চালিয়ে যাব যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।’

ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন।

গাজায় সব ত্রাণকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং সংঘাতের সব পক্ষকে আহ্বান জানিয়েছে ডব্লিউএফপি।

সংস্থাটি বলেছে, যুদ্ধ চলাকলীন ডব্লিউএফপি টিম প্রথমবারের মতো নিরাপত্তার হুমকিতে পড়েছে যে তা নয়। তবে স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় ছাড়পত্রগুলো নিশ্চিত করা সত্ত্বেও একটি গাড়ি চেকপয়েন্টের কাছে এসে সরাসরি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এই প্রথম।