লেবাননে শান্তিরক্ষীদের ওপর যে কোনও হামলাকে যুদ্ধাপরাধ বললেন গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন যে শান্তিরক্ষীদের ওপর যেকোনো হামলা ‘যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে’। রবিবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে মুখপাত্র স্টেফান দুজারিক বলেছেন। ইসরায়েলি ট্যাংক দক্ষিণ লেবাননে একটি শান্তিরক্ষা ঘাঁটির গেট ভেঙে ঢুকে যাওয়ার পর, এ সতর্কতা উচ্চারণ করেছেন মহাসচিব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রবিবার লেবাননের রামিয়ায় শান্তিরক্ষা মিশনের দুটি ফটক ভেঙে শান্তিরক্ষীদের অবস্থানগুলোর মধ্যে ঢুকে পড়ে ইসরায়েলি সেনাবাহিনীর দুটি ট্যাংক। একে সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বিরুদ্ধে ইসরায়েলি লঙ্ঘন ও হামলার সর্বশেষ অভিযোগ হিসেবে উল্লেখ করা হচ্ছে। লেবাননে শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল বা ইউনিফল নামে পরিচিত।

বিবৃতিতে স্টেফান দুজারিক  আরও বলেন, ‘ইউনিফিল শান্তিরক্ষীরা তাদের সব অবস্থানে রয়েছে এবং জাতিসংঘের পতাকা এখনও উড়ছে।’

তিনি বলেন, ‘মহাসচিব পুনর্ব্যক্ত করেছেন যে ইউনিফিলের কর্মী এবং এর স্থাপনাগুলোকে কখনোই লক্ষ্যবস্তু করা উচিত নয়। শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই আইনের মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার আইনও অন্তর্ভুক্ত। এগুলো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।’

দক্ষিণ লেবাননে মোতায়েন করা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের সরিয়ে নিতে আন্তোনিও গুতেরেসের প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহ্বানের পরপরই ফটক ভেঙে ইসরায়েলি সেনাদের ভেতরে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর এ ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।