ইসরায়েলে হামলার বিষয়ে ইরানকে কড়াভাবে সকর্ত করলো ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার (২৯ অক্টোবর) আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, ইরান যদি আবারও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, গত সপ্তাহের হামলায় ‘আমরা যে ক্ষমতা ব্যবহার করিনি’ এবার তা ব্যবহার করে প্রতিক্রিয়া জানাব। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।
দক্ষিণ ইসরায়েলের র্যামন বিমান ঘাঁটিতে বিমান ক্রুদের জেনারেল হারজি বলেন, ‘ইরান যদি ভুল করেও ইসরায়েলে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে আমরা জানি কীভাবে ইরানে পৌঁছাতে হয়, কীভাবে এমন সক্ষমতা নিয়েও পৌঁছাতে হয় যা আমরা এবার ব্যবহার করিনি এবং তাদের সেসব সক্ষমতা ও স্থান উভয়কেই খুব জোরে আঘাত করতে পারব যেগুলো এবার এড়িয়ে যাওয়া হয়েছিল।’
হালেভি আরও বলেন, ‘আমরা খুবই সাধারণ একটি কারণে এমনটা করেছি—কেননা, আমাদের আবারও এটি (হামলা) করার প্রয়োজন হতে পারে। আমরা এই কাজটি শেষ করিনি, বরং আমরা ঠিক এর মাঝখানে রয়েছি।’