ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ জেনারেলরা। শুক্রবার এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে রবিবার রয়টার্সকে নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামিরের মধ্যে এই আলোচনা সম্পন্ন হয়েছে। তবে তাঁদের আলোচনার বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। এই বৈঠকের খবর আগে জনসমক্ষে আসেনি।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুমকির পর এই পদক্ষেপ নেওয়া হয়। অন্যদিকে, ইরানের নেতৃত্ব রবিবার সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি দেশটিতে আক্রমণ করে তবে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনে আলোচনার পর রবিবার জেনারেল ইয়াল জামিরের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ওই বৈঠকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এবং যেকোনো সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় ইসরায়েলি সামরিক বাহিনীর 'অপারেশনাল প্রস্তুতি' পর্যালোচনা করা হয়।