জর্ডান, বাহরাইন ও ইরাক ছাড়ার নির্দেশ মার্কিন দূতাবাস কর্মীদের

ইরানের পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের তিন দেশ জর্ডান, বাহরাইন ও ইরাক থেকে জরুরি প্রয়োজনহীন সরকারি কর্মী ও তাদের পরিবারকে অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এই ঘোষণা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জর্ডান ও বাহরাইনের জন্য ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করা হয়েছে। সেখানে নিয়োজিত জরুরি প্রয়োজনহীন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের বাধ্যতামূলকভাবে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর এক দিন আগেই নিরাপত্তার শঙ্কায় ইরাকে অবস্থানরত একই পর্যায়ের কর্মীদের দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের হালনাগাদ করা ইরাক ভ্রমণ সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিলো মার্কিন প্রশাসন।

এর আগে সোমবার মিসর থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের পূর্বাঞ্চলীয় দেশগুলোতে অবস্থানরত সাধারণ মার্কিন নাগরিকদেরও এলাকা ছাড়ার পরামর্শ দিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানের ওপর হামলার তীব্রতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল