মধ্যপ্রাচ্য যুদ্ধে নিয়োজিত বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রক্ষণাবেক্ষণের জন্য ক্রোয়েশিয়ার স্প্লিট শহরে পৌঁছেছে। শনিবার সকালে জাহাজটিকে বন্দরে নোঙর করতে দেখেছেন ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা।
ক্রোয়েশিয়ায় নিযুক্ত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি নির্ধারিত সফর ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার অংশ।
চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রিসের ক্রিট নৌঘাঁটি থেকে জাহাজটি রওনা দিয়েছিল। এর আগে রণতরিটির লন্ড্রিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ক্রু সদস্য আহত হওয়ায় সেটিকে সাময়িকভাবে ক্রিট ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছিল।
দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সফর চলাকালে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড স্থানীয় কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ নেতাদের আতিথেয়তা প্রদান করবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ক্রোয়েশিয়ার মধ্যকার শক্তিশালী ও দীর্ঘস্থায়ী মিত্রতার প্রতিফলন ঘটবে।
ফেব্রুয়ারির শেষের দিকে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সমাবেশের অংশ হিসেবে ইরান অভিমুখে ব্যাপক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানে জেরাল্ড আর ফোর্ড এবং আব্রাহাম লিংকন নামের দুটি বিমানবাহী রণতরি মোতায়েন করা হয়েছিল। উভয় জাহাজেই কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে গঠিত এয়ার উইং রয়েছে এবং ইরান অভিযানে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল