ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে দেশটির অন্তত ১০টি গুরুত্বপূর্ণ রেল সেকশন ও সেতুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। মঙ্গলবার নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, আইআরজিসি এসব রেলপথ এবং মহাসড়কের সেতুগুলো ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে অস্ত্র ও সামরিক রসদ পরিবহন করছিল। সেই যাতায়াত পথ বন্ধ করে দিতেই এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে।
হামলা শুরুর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সাধারণ ইরানি নাগরিকদের আজ সন্ধ্যা পর্যন্ত ট্রেন থেকে দূরে থাকার জন্য সতর্কবার্তা জারি করেছিল। ফারসি ভাষায় দেওয়া ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, নিরাপত্তার স্বার্থে কেউ যেন রেললাইনের আশেপাশে না থাকে।
হামলার বিষয়ে ইসরায়েল আরও হুঁশিয়ারি দিয়েছে যে, তারা ইরানের ‘জাতীয় অবকাঠামো’ লক্ষ্য করে আরও হামলা চালাবে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো দেশটির বর্তমান শাসনব্যবস্থার ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করা।