দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি সেনার হাতুড়ি দিয়ে যিশু খ্রিষ্টের মূর্তি ভাঙচুর করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ছবিটি ইতিমধ্যে ৫০ লাখেরও বেশি মানুষ দেখেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী অনলাইনে ছড়িয়ে পড়া ছবিটির সত্যতা নিশ্চিত করেছে। সেনাবাহিনী জানায়, উত্তরাঞ্চলীয় কমান্ডের ওই সেনার আচরণ পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে জড়িত সেনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, ছবিটিতে দক্ষিণ লেবাননে ‘অভিযানরত’ এক ইসরায়েলি সেনা হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙছেন।
দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী দেবল গ্রামের উপকণ্ঠে অবস্থিত ওই মূর্তির অবমাননার ঘটনায় বিভিন্ন কর্মী, শিক্ষাবিদ ও লেখক তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলি পার্লামেন্টের ফিলিস্তিনি সদস্য আয়মান ওদেহ ব্যঙ্গ করে লিখেছেন, আমরা এখন পুলিশ মুখপাত্রের এই দাবি শোনার অপেক্ষায় আছি যে, ‘ওই সেনা সদস্য যিশুর দ্বারা হুমকির সম্মুখীন হয়েছিলেন’।