যুদ্ধবিরতি লঙ্ঘন করে শিশুসহ ১৪ জনকে হত্যা করলো ইসরায়েল

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক সপ্তাহ পার হতে না হতেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়ে শিশুসহ অন্তত ১৪ জনকে হত্যা করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। সোমবার (২৭ এপ্রিল) ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক সপ্তাহেরও বেশি সময় আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। হামলায় নিহতদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছেন। এছাড়া হামলায় আরও ৩৭ জন আহত হয়েছেন।

উল্লেখ্য দীর্ঘ সংঘাতের পর লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও ইসরায়েলি সামরিক বাহিনী প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে সেই পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।