যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ‘অসাধারণ প্রচেষ্টার’ জন্য তিনি এই অভিনন্দন জানান। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, শনিবার আঞ্চলিক নেতাদের সঙ্গে ট্রাম্পের ‘খুবই কার্যকর এবং ফলপ্রসূ’ ফোনালাপ হয়েছে। এই ফোনালাপটি বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং অঞ্চলে টেকসই শান্তি ফিরিয়ে আনতে চলমান শান্তি প্রচেষ্টাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে মতবিনিময়ের একটি সুযোগ তৈরি করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার শান্তি প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং আমরা আশা করছি খুব শিগগিরই পরবর্তী দফার আলোচনার আয়োজন করতে পারব।