ইসরায়েল ও ইরানকে একে অপরের ওপর হামলা অনতিবিলম্বে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েল ও ইরানের অবিলম্বে একে অপরের দিকে ‘গুলি চালানো’ বন্ধ করতে হবে।
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের আকাশে উড্ডয়নরত ‘যুক্তরাষ্ট্র-জায়নবাদী শত্রুপক্ষের একটি বৈরী ড্রোন’ গুলি করে ভূপাতিত করা হয়েছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে রাতভর এই পাল্টা হামলার ঘটনা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিশৃঙ্খলাপূর্ণ কূটনৈতিক প্রক্রিয়াকে কেবল আরও খারাপের দিকেই নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি সতর্ক করে বলেন, এই ঘটনা ওয়াশিংটনের প্রতি তেহরানের সন্দেহ ও অবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে।
মুখপাত্র ইসমাইল বাঘাই আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রই সরাসরি দায়ী এবং ওয়াশিংটনের সঙ্গে পরামর্শ না করে ইসরায়েল এককভাবে কোনও স্বাধীন পদক্ষেপ নেয় না।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, অল্প কিছু সময় আগে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ) ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিমান হামলা সম্পন্ন করেছে। সামরিক বাহিনীর তথ্যমতে, রাতভর শুরু হওয়া এই অভিযানের অংশ হিসেবে আইএএফ-এর ডজনখানেক যুদ্ধবিমান ইরানের ‘কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে’ আঘাত হেনেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল