ইসরায়েলি সব ধরনের নৌযানের ওপর একটি সফল নৌ অবরোধ নিশ্চিত করতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে বিভিন্ন রকমের সামরিক কৌশল রয়েছে। চলমান এই উত্তেজনার মধ্যে লোহিত সাগরের কৌশলগত বাব আল-মানদাব প্রণালিতে ইসরায়েলের জাহাজ চলাচল বন্ধে পূর্ণাঙ্গ অবরোধের ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। এর আগে হওয়া সংঘাতের বিভিন্ন পর্বেও বাব আল-মানদাব প্রণালি দিয়ে ইসরায়েলের আসা-যাওয়ার পথ আটকে দিতে সফল হয়েছিল হুথিরা।
হুথিরা মূলত বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে সরাসরি আঘাত হানা এবং লোহিত সাগরে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাইন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে, যা তারা আগেও সফলভাবে সম্পন্ন করেছিল। এ ছাড়া নিজেদের তৈরি বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করে ঝাঁকে ঝাঁকে সমন্বিত হামলার কৌশলও রয়েছে তাদের।
ইসরায়েলি জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে হুথিরা এর আগেও বেশ সাফল্য পেয়েছে। তাদের চালানো হামলায় বেশ কিছু ইসরায়েলি জাহাজ লোহিত সাগরের তলদেশে ডুবে গেছে। শুধু তা-ই নয়, হুথিদের এই অনবরত তৎপরতার কারণেই ইসরায়েলের ইলাত বন্দর পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এই বন্দরটি লোহিত সাগরে প্রবেশের জন্য ইসরায়েলের একমাত্র প্রবেশদ্বার এবং এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্যের জন্য তারা একমাত্র এই বন্দরটিই ব্যবহার করে থাকে।
হুথি সামরিক মুখপাত্র জানিয়েছেন, এটি একটি পূর্ণাঙ্গ অবরোধ হতে যাচ্ছে। ফলে ইসরায়েল যদি এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।
এদিকে হুথিদের একজন রাজনৈতিক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল যদি ইয়েমেনে হামলার কোনও সিদ্ধান্ত নেয়, তবে তা পরিস্থিতিকে চরম উত্তেজনার দিকে ঠেলে দেবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, ইসরায়েল যদি ইয়েমেনে হামলা চালিয়ে কোনও ধরনের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তবে এর পাল্টা জবাব হিসেবে এই অঞ্চলের অন্যান্য ইসরায়েলি ও মার্কিন স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে।
সূত্র: আল জাজিরা