প্রেমিক-প্রেমিকাদের মধ্যেও ঝগড়া হয়: ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্ক নিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের সম্পর্ক নিয়ে চলমান টানাপোড়েনের খবরকে হালকাভাবে উড়িয়ে দিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন, প্রেমিক-প্রেমিকাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রাষ্ট্রদূত লেইটার জানান, তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার শত শত ফোনালাপের সময় উপস্থিত ছিলেন। এই দুই নেতার মধ্যে ‘গভীর বন্ধুত্ব রয়েছে, যা প্রায় ৪০ বছর পুরোনো’।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে উত্তেজনা কমাতে ট্রাম্পের অনুরোধে নেতানিয়াহু সাময়িকভাবে অভিযান ‘শিথিল’ করার সিদ্ধান্ত নেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ভালোভাবেই বোঝেন যে, ইসরায়েল তার দেশে কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা হজম করতে পারে না এবং এর জবাব না দিয়ে থাকতে পারে না।

উভয় দেশের সম্পর্ক নিয়ে লেইটার বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে একটি অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগিতামূলক প্রচেষ্টা প্রত্যক্ষ করছি এবং সেখানে দারুণ বোঝাপড়াও রয়েছে।