ইসরায়েল সফরে যাচ্ছেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট

সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত অঞ্চল সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি, যিনি সিরো নামেও পরিচিত, ইসরায়েল সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার তার ইসরায়েলে পৌঁছানোর কথা রয়েছে। ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পর এটি দেশটিতে তার প্রথম সফর হবে।

সোমালিল্যান্ডের কূটনীতিক ইসমাইল শিরওয়াক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তেল আবিবে প্রদর্শিত সোমালিল্যান্ড ও ইসরায়েলের পতাকার একটি ছবি শেয়ার করেন। একইসঙ্গে তিনি জানান, প্রেসিডেন্টের মঙ্গলবার সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

সোমালিল্যান্ড এডেন উপসাগরের তীরে, লোহিত সাগরের দক্ষিণ প্রবেশমুখে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের প্রভাব মোকাবিলায় কৌশলগত অবস্থান নিশ্চিত করার লক্ষ্যেই ইসরায়েল স্বঘোষিত এই প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিয়েছে।

এডেন উপসাগরের অপর প্রান্তে ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণকারী হুথিরা সম্প্রতি ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজের লোহিত সাগর দিয়ে চলাচলের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে সম্ভাব্য এই সফর নিয়ে সোমালিল্যান্ডের প্রেসিডেন্টের কার্যালয় বা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।