হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিয়ে আলোচনা করতে ওমানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, সেখানে যুক্তরাষ্ট্রের আলোচকদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ইরানের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বর্তমান অবস্থান থেকে পিছু না হটা পর্যন্ত কোনও আলোচনা অনুষ্ঠিত হবে না। অন্যদিকে, ওই অঞ্চলে অবাধ ও নিরাপদ নৌযান চলাচলের বিষয়ে ইরানের কাছ থেকে একটি প্রকাশ্য অঙ্গীকার চাইছে ওয়াশিংটন।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমানে পৌঁছেছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং বিশ্বজুড়ে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, সেই যুদ্ধাবস্থার অবসানে মধ্যস্থতা করছে ওমান।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এবং তাদের যুক্তরাজ্যভিত্তিক অংশীদার বিবিসি উভয়েই জানিয়েছে যে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আগামী শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির সাথে এই আলোচনা বা সমঝোতায় নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
তবে এই আলোচনা ওমানে সশরীরে অনুষ্ঠিত হবে নাকি ভার্চুয়ালি হবে, সে বিষয়ে ওই প্রতিবেদনে কিছু জানানো হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেনি। পরবর্তীতে ইরানের ফার্স নিউজ এজেন্সি একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে পিছু না হটা পর্যন্ত কোনও আলোচনা হবে না।
সূত্র: রয়টার্স