লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে হুথিদের হামলা

লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলের ট্যাঙ্কারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তারা এ হামলা চালায়। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে যুক্তরাষ্ট্রও ইরানে টানা ১২তম রাতের মতো বিমান হামলা চালিয়েছে।

হুথিদের এই আক্রমণের ফলে আন্তর্জাতিক অর্থনীতিকে তোলপাড় করা এই যুদ্ধে নতুন একটি ফ্রন্ট উন্মোচিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা বিশ্বজুড়ে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।

হুথিদের সাবা বার্তা সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, লোহিত সাগরে এনসেলিয়া এবং লায়লা নামের দুটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে, যার ফলে উভয় জাহাজে আগুন ধরে যায়। ইয়েমেনের ওপর সৌদি আরবের বছরের পর বছর ধরে চলা অবরোধ এবং সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলার জবাবে এ সপ্তাহের শুরুতে বাব এল-মানদেব প্রণালিতে সৌদি সংশ্লিষ্ট জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার পর এটিই হুথিদের প্রথম হামলা।

আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এবং গ্লোবাল কনটেইনার ট্রাফিকের এক-চতুর্থাংশ এই গুরুত্বপূর্ণ বাব এল-মানদেব প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনসেলিয়া ট্যাংকারে হামলার পর আগুন লাগার খবর নিশ্চিত করে জানিয়েছে, জাহাজের সামনের অংশে আগুন লাগলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

যুক্তরাজ্যভিত্তিক নৌ সংস্থা ইউকেএমটিডিও জানিয়েছে, সৌদি আরবের আল শুকাইক থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি তেলের ট্যাঙ্কারে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে।

সূত্র: আল জাজিরা