ইরানকে ‘শাস্তি’ দেওয়ার সৃজনশীল বুদ্ধি খুঁজছে মার্কিন সেনাবাহিনী

ইরানের ওপর চাপ সৃষ্টি এবং দেশটির বিরুদ্ধে চলমান যুদ্ধে সুবিধা করতে নতুন ও সৃজনশীল উপায়ের খোঁজে নিজেদের বিশ্লেষকদের দ্বারস্থ হয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) গোয়েন্দা শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা সেনা বিশ্লেষকদের কাছে একটি ইমেইল পাঠিয়ে এ বিষয়ে নতুন বুদ্ধি চেয়েছেন।

কৌশল পুনর্মূল্যায়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিংস এক বিবৃতিতে জানান, সেরা কার্যক্ষমতা অর্জনের জন্য অ্যাডমিরাল কুপার তার দলের সব সদস্যের মতামত নেওয়ার এই উদ্যোগকে সমর্থন করেছেন। মূলত ঐতিহ্যগত সামরিক ব্যবস্থার বাইরে গিয়ে ভিন্ন কোনও উপায়ে ইরানকে চুক্তিতে বাধ্য করার পথই খোঁজা হচ্ছে।

ইরানের পারমাণবিক স্থাপনা এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা নিয়ে যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ধরে বিমান হামলা চালিয়েও কোনও চুক্তিতে পৌঁছাতে পারেনি। পিকঅ্যাক্স মাউন্টেনসহ মাটির গভীরে থাকা কৌশলগত পারমাণবিক স্থাপনাগুলো কেবল বোমা মেরে ধ্বংস করা অসম্ভব।

অন্যদিকে, ইরানে সেনা পাঠানো ট্রাম্পের জন্য বড় ঝুঁকি। কারণ ইতোমধ্যে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ২০২৪ সালের নির্বাচনি প্রচারণায় তিনি কোনও ‘অহেতুক’ বিদেশি যুদ্ধে অংশ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ)-এর পর্যবেক্ষণ এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও স্বীকার করেছেন যে, কেবল বিমান হামলা দিয়ে যুক্তরাষ্ট্রের সব লক্ষ্য পূরণ সম্ভব নয়। তবে মন্ত্রিসভা বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা কঠোর হামলা চালিয়ে যাব এবং একপর্যায়ে তারা বলবে যে আমরা আর নিতে পারছি না।

সূত্র: সিএনএন