মাঠে গাননি জাতীয় সংগীত, শাস্তির ভয়ে অস্ট্রেলিয়ার নাগরিক হলেন ইরানের ২ ফুটবলার

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর পর অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ইরানের সাবেক দুই নারী জাতীয় ফুটবলার ফাতেমেহ পাসানদিদেহ এবং আতেফে রামাজানিজাদেহ দেশটির নাগরিকত্ব পেয়েছেন। আশ্রয় আবেদনের পাঁচ মাস পর তারা এই নাগরিকত্ব লাভ করলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

অস্ট্রেলীয় সংবাদপত্র দি অস্ট্রেলিয়ান-এর বরাত দিয়ে জানা যায়, বুধবার ব্রিসবেনে আয়োজিত এক নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের অস্ট্রেলিয়ার নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

চলতি বছরের মার্চ মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এএফসি ওমেনস এশিয়ান কাপ চলাকালীন এই দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়ার কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন। একটি ম্যাচে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোর কারণে দেশে ফিরলে সরকারের রাজনৈতিক নিপীড়নের শিকার হতে পারেন এমন আশঙ্কা থেকেই তারা সহ একাধিক ইরানি ফুটবলার আশ্রয়ের আবেদন জানিয়েছিলেন।

পরবর্তী সময়ে আশ্রয়ের আবেদন করা খেলোয়াড়দের মধ্যে পাঁচজন তাদের আবেদন প্রত্যাহার করে নিয়ে ইরানে ফিরে যান। তবে ফাতেমেহ পাসানদিদেহ ও আতেফে রামাজানিজাদেহ অস্ট্রেলিয়াতেই থেকে যান এবং শেষ পর্যন্ত নাগরিকত্ব লাভ করেন।