‘না যুদ্ধ, না শান্তি’- এমন অবস্থা থেকে ইরানকে বের করে আনার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করে চুক্তি সম্পাদনের জন্য এটিকেই সবচেয়ে উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দেশে এখন সংহতি, শক্তি ও ঐক্য রয়েছে। আমার জানা মতে, এই যুদ্ধে ইরান বিজয়ী ও শক্তিশালী হিসেবেই বিবেচিত।
তিনি বলেন, এখন একটি চুক্তিতে পৌঁছানোর সবচেয়ে ভালো সময়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়গুলো মোকাবিলায় একটি যোগাযোগ চ্যানেল গঠন করা উচিত ছিল বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান।
তিনি বলেন, যেকোনও সমঝোতা স্মারকে লঙ্ঘন ঘটতে পারে। নীতিগতভাবে তখনই এসব লঙ্ঘন মোকাবিলায় একটি দল গঠন করা উচিত ছিল, লড়াই করার জন্য নয়।
পেজেশকিয়ান বলেন, এখন কীভাবে এসব সমস্যার সমাধান করা যায়, তা দেখতে হবে। সমাধান সম্ভব কি না, সেটি বর্তমানে ওমানের আলোচনায় কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আশা করি, আমরা এমন একটি পর্যায়ে পৌঁছাতে পারব, যেখানে এই ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব।