দক্ষিণ লেবাননে শনিবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এসব হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আনসার গ্রামের উপকণ্ঠে একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় ৩ শিশুসহ ৭ জন নিহত এবং ২ জন আহত হন। অন্যদিকে দেইর আল-জাহরানি গ্রামে চালানো দ্বিতীয় হামলায় ৪ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, লেবাননে অবস্থানরত তাদের সৈন্যদের বিরুদ্ধে তৎপরতার জবাবে তারা একটি সদরদফতরে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক ব্যাটালিয়ন কমান্ডার ও বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে আলাদা এক বিবৃতিতে জানানো হয়েছে, হিজবুল্লাহর বিস্ফোরকবাহী ড্রোন হামলায় তাদের ৩ জন সৈন্য গুরুতর আহত হয়েছেন।
সামরিক বাহিনী আরও উল্লেখ করেছে, হামলার সময় ওই কমান্ডারের পরিবার তার সাথেই ছিল। তবে ‘পরিবারের সদস্যরা এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন না’ বলে দাবি করে ইসরায়েলি বাহিনী ও নেতানিয়াহুর কার্যালয় অভিযোগ তুলে যে, ওই কমান্ডার তার স্বজনদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করেছিলেন।
দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং হিজবুল্লাহর অস্ত্রসংবরণের একটি রূপরেখা বাস্তবায়নে লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে ‘ফ্রেমওয়ার্ক চুক্তি’ ঘোষণার পর এটিই ছিল অন্যতম প্রাণঘাতী দিন।
তবে হিজবুল্লাহ সরাসরি আলোচনায় বসতে অস্বীকার করে এবং তারা এই চুক্তির অংশ ছিল না।