হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার

গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা জ্যারেড কুশনার। সোমবার (১৭ আগস্ট) জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ে এই বৈঠক শুরু হয় বলে বিষয়টির সঙ্গে অবগত এক কর্মকর্তার বরাতে জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।

উক্ত কর্মকর্তা জানান, নেতানিয়াহুর কার্যালয়ে কুশনারের সঙ্গে ‘বোর্ড অব পিস’-এর শীর্ষ দূত নিকোলে ম্লাদেনভ এবং টনি ব্লেয়ারও যোগ দিয়েছেন। তবে ইসরায়েলি পক্ষে আর কে কে অংশ নিচ্ছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার ১৫ দফার রূপরেখাটি বাস্তবায়নে মার্কিন সমর্থিত 'বোর্ড অব পিস' যখন কাজ করছে, ঠিক তখনই এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। হামাস এই রূপরেখায় সম্মতি প্রকাশ করলেও তা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। তিনি দাবি জানান যে, গাজা উপত্যকা থেকে কোনও প্রকার ইসরায়েলি প্রত্যাহারের আগে হামাসকে অবশ্যই পুরোপুরি অস্ত্র সমর্পণ করতে হবে।

তবে এই পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য থাকার বিষয়টি খাটো করে দেখেছেন ওই কর্মকর্তা। তিনি জানান, ১৫ দফার এই পরিকল্পনায় ইসরায়েলের ‘স্বাক্ষর’ নেওয়া এই বৈঠকের মূল লক্ষ্য নয়; বরং পরিকল্পনাটির যেসব বিষয় এগিয়ে নেওয়া সম্ভব, সেগুলোতে অগ্রসর হওয়ার ওপরই আজকের বৈঠকে গুরুত্ব দেওয়া হচ্ছে।