বর্তমান পরিস্থিতিই যুদ্ধ শেষ করার উপযুক্ত সুযোগ: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধকে ইরানের ‘শক্তি ও মর্যাদার জায়গায়’ থেকেই সমাপ্তি টানা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ১৮ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির পক্ষে সাফাই গেয়ে শুক্রবার তিনি এই কথা বলেন।

ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এক অনুষ্ঠানে পেজেশকিয়ান বলেছেন যে আলোচনার ফলাফল ছিল একটি ‘বড় অর্জন’, যা ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়েছিল। তিনি বলেন, আলোচনার মাধ্যমে যা অর্জিত হয়েছে তা একটি বড় সাফল্য।

জাতীয় নিরাপত্তা পরিষদের যেসব সদস্য এ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন, তারা দৃঢ়ভাবে এই চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন বলে তিনি জানান।

তেহরান কোনও ধরনের ছাড় দিয়েছে, এমন সমালোচনা প্রত্যাখ্যান করে নতুন চুক্তিটিকে ‘সম্মানজনক ও মূল্যবান’ বলে বর্ণনা করেন পেজেশকিয়ান। তিনি জোর দিয়ে বলেন, ‘এই চুক্তিতে আত্মসমর্পণের ইঙ্গিত দেয় এমন একটি ধারাও কেউ খুঁজে পাবে না; সব প্রতিশ্রুতি মূলত অপর পক্ষের সম্পর্কিত।’

তবে এই চুক্তির অর্থ এই নয় যে নতুন করে কোনও আক্রমণ হলে তেহরান তা মেনে নেবে। ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা কোনও অবস্থাতেই কোনও ধরনের হুমকির কাছে মাথা নত করব না। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব এবং তাদের গুঁড়িয়ে দেওয়ার মতো জবাব দেব।’

যুদ্ধ কোনও না কোনও পর্যায়ে শেষ হতে হবে উল্লেখ করে পেজেশকিয়ান যুক্তি দেন, বর্তমান পরিস্থিতিই যুদ্ধ শেষ করার উপযুক্ত সুযোগ। তিনি বলেন, ‘আজ আমরা যখন শক্তি ও মর্যাদার অবস্থানে আছি, তখনই যুদ্ধ শেষ করা শ্রেয়।’

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের স্কুল, হাসপাতাল ও অবকাঠামোতে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

মাসুদ পেজেশকিয়ান নিশ্চিত করেছেন যে, ইরানের সামরিক কমান্ডার ও সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার ওপরও জোর দেন তিনি।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে যুদ্ধবিরতি এবং একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য ৬০ দিনের আলোচনার বিধান রাখা হয়েছিল। পরবর্তীতে তেহরান ওয়াশিংটনকে চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করলেও পাকিস্তান ও কাতার দুই দেশের মধ্যে মধ্যস্থতা অব্যাহত রেখেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড