ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে ভূগর্ভস্থ সামুদ্রিক মাইন যেন মোতায়েন করা না হয়, সেই উদ্দেশ্যে ইরানের সামরিক স্থাপনায় মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। গত জুলাইয়ের শেষভাগে প্রেসিডেন্ট ট্রাম্প প্রণালিতে দুই সপ্তাহের মার্কিন সামরিক অভিযান স্থগিত করার পর ইরানে এটিই প্রথম মার্কিন হামলা।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বাহিনীকে হরমুজ প্রণালিতে মাইনবাহী রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিতে দেখে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের লারাক দ্বীপে দুটি লঞ্চারে আঘাত হানে। আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, একটি ড্রোন হামলায় ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।

সেন্টকম রবিবার রাতে এই হামলাকে মাইন স্থাপনকারী বাহিনীর বিরুদ্ধে একটি ‘সীমিত ও নিখুঁত পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে, যা প্রণালিতে ‘আসন্ন হুমকি’ তৈরি করেছিল। এক বিবৃতিতে সেন্টকম জানায়, মূলত ইরান এই হুমকি তৈরি করেছিল এবং মার্কিন সামরিক বাহিনী বেসামরিক নাবিক, বাণিজ্যিক জাহাজ ও বিশ্ব বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষার্থে তা নির্মূল করেছে।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, মার্কিন বাহিনী এলাকাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মুক্ত বাণিজ্য বজায় রাখতে প্রস্তুত রয়েছে।

অন্যদিকে, আইআরজিসি এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, মার্কিন আক্রমণের জবাব দেবে ইরানের সন্তানরা এবং এর ফলে আগ্রাসনকারীকে শাস্তি ভোগ করতে হবে।

বিগত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী প্রণালির প্রধান শিপিং লেন থেকে সব মাইন অপসারণের কাজ শেষ করেছে। সে সময় ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, কোনও নতুন মাইন স্থাপনকারী জাহাজ বা নৌকাকে অবিলম্বে ও পরিকল্পিতভাবে ধ্বংস করা হবে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, মাইন স্থাপনের বিষয়ে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বলবৎ রয়েছে।

এদিকে এক মার্কিন কর্মকর্তা জানান, এই মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে ইরান জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও মার্কিন ঘাঁটিতে কোনও আঘাত হানেনি এবং ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ৮টি ক্ষেপণাস্ত্র তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশেই ধ্বংস করা হয়েছে।

সূত্র: অ্যাক্সিওস