গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি

ইসরায়েল ও গ্রিস ৩ বিলিয়ন (৩০০ কোটি) ইউরোর একটি বিশাল চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে গ্রিসের জন্য বহুস্তরবিশিষ্ট সমন্বিত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করবে ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘অ্যাকিলিস শিল্ড’ শীর্ষক এই চুক্তির আওতায় রাফায়েল নির্মিত ডেভিডস স্লিং ও স্পাইডার এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নির্মিত বারাক এমএক্সসহ বেশ কয়েকটি ব্যবস্থা সরবরাহ করা হবে। তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম এবং গ্রিসের ইওনিস বুরাস চুক্তিটিতে স্বাক্ষর করেন।

ইসরায়েলি মন্ত্রণালয় জানায়, এটি ইসরায়েল-গ্রিস সম্পর্কের ইতিহাসে সর্ববৃহৎ প্রতিরক্ষা রফতানি চুক্তি এবং ইসরায়েলের ইতিহাসেও অন্যতম বৃহৎ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ বিস্তৃত হুমকির বিরুদ্ধে কোনও দেশকে ইসরায়েল কর্তৃক একটি সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘটনা এটিই প্রথম।

চুক্তি প্রসঙ্গে ইসরায়েল জানিয়েছে, এই চুক্তির অধীনে সম্পূর্ণ ইসরায়েলি প্রযুক্তি এবং সম্প্রতি যুদ্ধে অর্জিত বিস্তৃত পরিচালন অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গ্রিসের জন্য একটি সর্বাত্মক বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে ইসরায়েল।

এছাড়া রাফায়েলের ড্রোন ডোম ব্যবস্থা বিক্রির জন্য ২৬ মিলিয়ন ইউরোর একটি সম্পূরক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি স্থানীয় শিল্পে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে গ্রিসের সঙ্গে শিল্প-প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা হবে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, এই প্রকল্প পূর্ব ভূমধ্যসাগরের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার ইসরায়েল ও গ্রিসের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি মাইলফলক। গত এক দশকে গ্রিসের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী আকাশ প্রতিরক্ষা কর্মসূচির মূল ভিত্তি হিসেবে ইসরায়েলি প্রযুক্তিকে বেছে নেওয়া দুই দেশের মধ্যকার গভীর বিশ্বাসের প্রতিফলন।

সূত্র: টাইমস অব ইসরায়েল