হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ প্রণালি বন্ধ থাকায় মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রফতানি আগস্টেও যুদ্ধপূর্ব সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ছিল। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় আগস্টে অঞ্চলটির তেল রফতানি ৩৯ শতাংশ কমেছে বলে জানিয়েছে তেলবাহী জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ট্যাংকারট্র্যাকার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, মে মাসে তেল রফতানি সবচেয়ে বেশি কমে যায়। ওই মাসে যুদ্ধপূর্ব সময়ের তুলনায় রফতানি ৬৭ শতাংশ কমেছিল।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আগস্টে এই ঘাটতি কিছুটা কমে দৈনিক ৭২ লাখ ব্যারেলে নেমে আসে। মে মাসে ঘাটতি ছিল দৈনিক ১ কোটি ২৪ লাখ ব্যারেল।

ট্যাংকারট্র্যাকার্স আরও জানায়, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ৮৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রফতানি হয়েছিল।

মূলত হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সামুদ্রিক জাহাজ চলাচলে অন্যতম মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে।