গাজার অধিবাসীদের অন্যত্র সরিয়ে নেওয়ার ইসরায়েলি প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার আটটি দেশ। দেশগুলো হলো জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার ও মিসর। রবিবার এক যৌথ বিবৃতিতে এই আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলি সরকারের প্রস্তাবের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানের কথা জানান।
সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির গাজার বাসিন্দাদের স্থানান্তরের এই বিতর্কিত প্রস্তাবটি দেন। এর প্রেক্ষিতে যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সরকারি মহল থেকে এমন উসকানিমূলক মন্তব্য ও প্রস্তাব আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং তা ফিলিস্তিনিদের বৈধ অধিকারের জন্য বড় ধরনের হুমকি।
আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা স্পষ্ট ঘোষণা দেন যে, ফিলিস্তিনিদের নিজস্ব বাসস্থান থেকে সরিয়ে দেওয়ার যেকোনও পরিকল্পনার কঠোর বিরোধিতা করা হবে। এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি-প্রক্রিয়ার প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, গাজা ফিলিস্তিনি ভূখণ্ডের এক অবিচ্ছেদ্য অংশ এবং ফিলিস্তিনের সার্বিক ভূভাগের অখণ্ডতা রক্ষা করা জরুরি। এ অঞ্চলের সমস্যা নিরসনে ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি বাস্তবায়নের একমাত্র পথ ‘দুই রাষ্ট্র’ প্রস্তাব মেনে নেওয়া।
সূত্র: সিএমজি