মে মাসের পর শেষ ১০ দিনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক ট্যাঙ্কার এবং যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার জেরে কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল মে মাসের পর থেকে সর্বনিম্নে নেমে এসেছে। সামুদ্রিক অ্যানালিটিক্স প্রতিষ্ঠান কেপলার এর তথ্যের বরাতে এই খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। 

সোমবারের (৭ সেপ্টেম্বর) শিপিং তথ্য অনুযায়ী, গত ১০ দিনে হরমুজ প্রণালি দিয়ে দৈনিক গড়ে মাত্র ১০টি পণ্যবাহী জাহাজ অতিক্রম করেছে। যেখানে গত শুক্রবারে ১০ দিনের দৈনিক গড় চলাচল ছিল ১৫টির বেশি এবং শনিবারে ছিল প্রায় ১৩টি; সেখান থেকে রবিবার এসে তা কমে দাঁড়ায় মাত্র ১০টিতে।


পরিসংখ্যান অনুযায়ী, শনিবার মাত্র দুটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পেরেছে। অপরদিকে, রবিবার মোট ছয়টি জাহাজ এই প্রণালি পার হয়, যার অধিকাংশই ইরানের অনুমোদিত রুট ব্যবহার করে চলাচল করেছে। 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্প্রতি মার্কিন যুদ্ধজাহাজে হামলার অজুহাতে ইরানের তিনটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়ে দুটি সম্পূর্ণ অচল এবং একটি পুরোপুরি ধ্বংস করে দেয়। জবাবে ইরানের ইসলামি রিভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) বেআইনি রুটে চলাচলের অভিযোগ এনে কয়েকটি ট্যাঙ্কার ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে। 

বিশ্বজ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ প্রণালিতে দুই পরাশক্তির তীব্র বৈরিতা ও ধারাবাহিক সামরিক পদক্ষেপের ফলেই আন্তর্জাতিক জাহাজ চলাচল এখন বড় ধরনের চরম ঝুঁকিতে পড়েছে।