ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তেহরানের 

যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার ওপর ভিত্তি করে ইরানের বিরুদ্ধে কৌশল বজায় রাখলেও, ওয়াশিংটনের বিরুদ্ধে এবার আরও কঠোর ও জোরালো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের জবাবে ইরানি সংসদ স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ এক কড়া বার্তা দিয়েছেন। এমন খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদ সদস্যদের রুদ্ধদ্বার বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ বলেন, আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে ইরান ইতিমধ্যে ‘প্রচণ্ড আঘাত’ হেনেছে, যা ওয়াশিংটনের নেতাদের মারাত্মক হতাশায় ফেলেছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে গালিবাফ বলেন, আমেরিকানরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে, ভারসাম্যপূর্ণ বা সমানুপাতিক জবাব দেওয়ার দিন এখন শেষ হয়ে গেছে। আগ্রাসী বাহিনীর ঘাটিতে আমাদের সাম্প্রতিক হামলাগুলো ছিল কেবল শুরু মাত্র।

তিনি আরও সতর্ক করে জানান, ইরানের স্বার্থে আঘাত হেনে এরপর থেকে নতুন করে যেকোনও ধরনের হামলা চালানো হলে, তার জবাবে তেহরানের পক্ষ থেকে ‘আরও দ্রুত, ভারী এবং অধিক যন্ত্রণাদায়ক’ আক্রমণ চালানো হবে।