২০২৩ সালের ৭ অক্টোবর হামলার কয়েক দিন আগে হামাসের সম্ভাব্য হামলা সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ তাকে সতর্ক করেছিলেন-এমন প্রতিবেদন প্রকাশ করায় ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে প্রতিবেদনটিকে ‘বানোয়াট’ ও ‘মিথ্যা’ দাবি করেন নেতানিয়াহু। তিনি হারেৎজ এবং প্রতিবেদনের লেখক শ্লোমি এলদার ও রুথ ইয়াভালের বিরুদ্ধেও মামলা করার জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন বলে জানান।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবরের প্রায় ১০ দিন আগে ফোনে মোহাম্মদ বিন জায়েদ নেতানিয়াহুর সঙ্গে কথা বলে হামাসের তৎকালীন নেতা ইয়াহিয়া সিনওয়ারের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। সিনওয়ারের পক্ষ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমিরাত ইসরায়েলকে সতর্ক করেছিল বলে দাবি করা হয়।
হারেৎজের প্রতিবেদনে আরও বলা হয়, আমিরাতের দেওয়া গোয়েন্দা তথ্য ইসরায়েলের শিন বেত গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছিল। তবে সংস্থাটি হুমকিটিকে গুরুত্ব দেয়নি। পরে মোহাম্মদ বিন জায়েদ সরাসরি নেতানিয়াহুকেও সতর্ক করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়।
তবে নেতানিয়াহু ফোনে সতর্কবার্তা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই সময়ের প্রধানমন্ত্রীর কল রেকর্ড জাতীয় নিরাপত্তা পরিষদ ও সামরিক সচিব পর্যালোচনা করেও এমন কোনও ফোনালাপের তথ্য পায়নি।
আমিরাত অভিযোগগুলোর বিষয়ে কোনও মন্তব্য করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারপ্রধানদের কথোপকথন নিয়ে সংবাদ প্রতিবেদন বা জল্পনা-কল্পনার বিষয়ে তারা মন্তব্য করে না।
এদিকে নেতানিয়াহু প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আসন্ন নির্বাচনের আগে বামপন্থিদের নির্বাচনি প্রচারণার অংশ বলে দাবি করেছেন।