ড্রোন ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে ইরানের দুটি নৌযান ধ্বংস করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তৈরি একটি চালকবিহীন ড্রোন ছিনতাই করার চেষ্টা চালায় ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়ে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে দুটি ইরানি নৌকা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেনটকম)। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সোমবার ধ্বংস হওয়া যে নৌযানগুলোকে ইরানি গণমাধ্যম ‘মাছ ধরার নৌকা’ বলে দাবি করে কয়েকজন জেলে নিখোঁজ হওয়ার খবর দিয়েছিল, মার্কিন এক কর্মকর্তার মতে সেগুলো মূলত আইআরজিসির ব্যবহৃত সামরিক নৌকা ছিল।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, সম্প্রতি ইরানি ছোট নৌকাগুলো যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন নৌযান নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল। তবে সেনটকমের তীব্র ও কঠোর সামরিক জবাবের পর তারা ব্যর্থ হয়। তিনি আরও স্পষ্ট করেন যে, চালকবিহীন ড্রোনটি বর্তমানে সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের পরিচালনায় ও নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে মার্কিন এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কেবল রাতে ট্যাংকার পাহারা দেওয়া হলেও, এখন দিনেই মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রমকারী তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দিচ্ছে। তিনি জানান, বর্তমানে প্রতিদিন গড়ে ৪০টি জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করছে, যা দৈনিক প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল তেল পরিবহন নিশ্চিত করছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল